অর্থমন্ত্রীর গাড়িচালককে আটকের দাবি
সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় অন্তত ১০ জন্য আহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, “অর্থমন্ত্রীর গাড়ি নিছকই দুর্ঘটনায় পড়েছিল নাকি পরিকল্পিত ঘটনা, তা তদন্ত করে দেখতে হবে। এ জন্য অর্থমন্ত্রীর গাড়িচালক খালেকুজ্জামানকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে।”
শুক্রবার দুপুরে সিলেট নগরের সোনারপাড়া জামে মসজিদ এলাকায় মুহিতের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় আওয়ামী লীগ নেতাসহ অন্তত ১০ জন আহত হন। মন্ত্রী এ সময় গাড়িতে ছিলেন না।
আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকরী কবিরুল ইসলাম কবির, যুবলীগকর্মী মানিক ও ছাত্রলীগকর্মী নাসিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরে সন্ধ্যায় মিসবাহ সিরাজও হাসপাতালে যান আহতদের দেখতে।
কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, জুমার নামাজ শেষে অর্থমন্ত্রী স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এ সময় চালক গাড়ি সামনের দিকে নিতে চাইলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। গাড়িটি পথচারীদের ধাক্কা দিলে অন্তত ১০ জন আহত হন।
