২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ফেনীর পরশুরামে নিখোঁজের চার দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 07:18 PM

Updated : 19 Aug 2022, 01:26 PM

শুক্রবার পরশুরাম পৌরসভার বাউর পাথর এলাকায় একটি ডোবায় লিজা আক্তার সুমির (৬) লাশ পাওয়া যায়।

সুমি ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে এবং বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।

সুমির মা ফরিদা আক্তার জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সুমি ঘরে না ফিরলে তারা বিষয়টি পুলিশে জানান।পরে সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়।

তিনি জানান, সকালে স্থানীয়রা বাউর পাথর এলাকার ভারতীয় সীমান্তবর্তী বল্লা পুকুরের পাশে একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ হোসেন জানান, পুলিশ দুপুরে শিশুটির লাশ উদ্ধার করলে স্বজনরা লাশটি সুমির বলে নিশ্চিত করেন।

“প্রাথমিক তদন্তে শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।