মাগুরার রামনগর-আবালপুর সড়কের চার লেনের কাজ শুরু
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত দশ কিলোমিটার রাস্তার চার লেনের কাজ শুরু হয়েছে।
শুক্রবার সকালে রামনগর এলাকায় প্রধানমন্ত্রীর সহকারী সচিব সাইফুজ্জামান শিখর কাজের উদ্বোধন করেন।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কাফি হোসেন বলেন, গত ২১ মার্চ মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত দশ কিলোমিটার মহাসড়কে চার লেনে উন্নিত করণ প্রকল্পের উদ্বোধন করেন।
পরবর্তীতে যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ায় মূল কাজের উদ্বোধন করা হলো; যা নির্মাণে ৯১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
এ উপলক্ষে উদ্বোধনস্থলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
