২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংক্রান্তির মাছের মেলা

পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 03:11 PM

Updated : 19 Aug 2022, 01:24 PM

দুইদিন ব্যাপী এ মেলাকে ঘিরে গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। লক্ষাধিক দর্শক-ক্রেতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে সোমবার দুপুরে।

হবিগঞ্জের বিভিন্ন উপজেলাসহ মৌলবীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নানা বয়সী লোকজন এ মেলায় অংশ নেন।

মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির মাছের পসরা নিয়ে বসেছেন ক্রেতারা। রয়েছে পুটি, চিংড়ি, কৈ, চাপিলা ও চান্দা মাছও।

মাছের পাশাপাশি কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও সমাগম ঘটে। শিশুদের জন্য রয়েছে খেলনার দোকান।

মেলায় প্রতিটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ মাছের দাম হাকাচ্ছেন আবারও কেউ কিনছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন মেলায়।

তারা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাবার ও খেলনা কিনছেন। আর নারীদের ভিড় বেশি প্রসাধনীর দোকানে।

ক্রেতা বাবু চৌধুরী বলেন, “এখানে শুধু মাছ কেনাটাই বড় কথা নয়। বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শুনেছি, কিন্তু দেখা হয়নি। এখানে এসে বড় বড় মাছগুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম।“

তিনি বলেন, মাঝে মধ্যে তাদের গল্পগুলো অবিশ্বাস্য মনে হত।এখানে এসে সেই ভুল ভেঙে গেল।

এবার মেলায় ৪০ কেজি ওজনের একটি বোয়াল মাছের দাম হাকা হয়েছে ৬০ হাজার টাকা। মাছটি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকা থেকে পৌর এলাকার উমেদনগর গ্রামের মাছ বিক্রেতা আব্দুন নুর নিয়ে এসেছেন।

রোববার মধ্যরাতে মাছটি তিনি ২০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে নুর জানান।

মাছ বিক্রেতা আজমত মিয়া বলেন, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে মাছ ধরার উৎসবও চলে।বাজারের তুলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সাথে মাছ কেনেন।

তবে মাছ মেলা আগের মত নেই বলে আক্ষেপ করে মাছ বিক্রেতা রহিম মিয়া বলেন, আগে সিলেট অঞ্চলের তরতাজা মাছ দিয়ে মেলা বসত। আর এখন বেশিরভাগ মাছ আসে দেশের বিভিন্ন স্থান থেকে; যা বরফ দিয়ে রাখা হয়।

মেলা উদযাপন কমিটির সভাপতি মো. মইনুল হক আরিফ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুইশ বছরের বেশি সময় ধরে এ মাছ মেলার অয়োজন করা হচ্ছে।