ফেরি চলাচল স্বাভাবিক
কুয়াশা কেটে যাওয়ায় পদ্মা পারাপারের প্রধান দুই নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শীতে কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে রোববার রাত ২টা থেকে আর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত সাড়ে ৩টা থেকে ফেরি বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সোমবার সকাল ১০ দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু হয়।
“মাঝ নদীতে আটকা ছয়টি ফেরিও গন্তব্যে রওনা হয়েছে। দুই ঘাটে পারাপারে অপেক্ষায় থাকা যানবাহনের চাপ এখনও রয়েছে।”
সকাল সাড়ে ১০টার পর পাটুরিয়া-দৌলতদিয়া স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানিয়েছেন।
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি।
