‘উত্ত্যক্তে বাধা দেওয়ায়’ পিটুনি, দুদিন পর তরুণের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘উত্ত্যক্তে বাধা দেওয়ায়’ পিটুনিতে আহত এক তরুণ দুদিন পর হাসপাতালে মারা গেছেন।
সোনারগাঁ থানার ওসি মোরর্শেদ আলম জানান, রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মিন্টু মিয়া (২৫)।
এদিকে, মিন্টুর মৃত্যুর সংবাদে এলাকাবাসী তিনটি বাড়িঘর ভাংচুর করে জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে এক কলেজ ছাত্রীকে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী গ্রামের রফিক মিয়া। বুধবার সকালে কলেজে যাওয়ার পথে জাকির হোসেন ওই ছাত্রীর পথরোধ করে কুরুচিপূর্ণ কথা বলে। ঘটনাটি ওই ছাত্রী তার বাবাকে এবং মামাত ভাই মিন্টু মিয়াকে জানান। এরপর মিন্টু মিয়া জাকির হোসেনকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন।
“এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে মিন্টু মোগরাপাড়া চৌরাস্তা থেকে বাড়ি ফেরার পথে জাকির ও তার সহযোগীরা পথরোধ করে রিকশা থেকে মিন্টুকে নামিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।”
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মোর্শেদ জানান, মিন্টু মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত তিন জনের বাড়িঘর ভাংচুর করে জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
মিন্টু হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান ওসি।
