২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার এসেছে অতিথি পাখি ফরিদপুরের গ্রামে

অতিথি পাখির কলকাকলিতে আবার মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের আকোইনভাটপাড়া গ্রামের পরিবেশ। প্রতিদিন নানা স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় কোলাহলময় উঠেছে সদর উপজেলার এই গ্রামটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মফিজুর রহমান শিপন, ফরিদপুর প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 06:49 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

ফরিদপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কৈজুরী ইউনিয়নের ওই গ্রামে গত কয়েক বছর ধরে নানা জাতের পাখি আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে। শীত শেষে আবার তারা ফিরে যায় যার যার দেশে।   

সরেজমিনে দেখা গেছে, অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে আকোইনভাটপাড়া গ্রাম। পাখির ডাকে ঘুম ভাঙ্গে ওই গ্রামের মানুষের। প্রতিদিনই শতাধিক দর্শনার্থী দলে দলে আসছেন বিদেশি এসব পাখি দেখতে।    ফরিদপুরের পাখি পর্যবেক্ষক ও পরিবেশ প্রেমিক গাজী শাহিদুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, এরা অন্যান্য প্রাণীর উপকারেও আসে। প্রকৃতির বনায়ন সৃষ্টিতে পাখি পৃথিবীর ঊষালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। প্রকৃতি বান্ধব পাখি শুধু নিজেরা বাঁচতে আসে না। এরা জলজ পোকা, ইদুর, কখনো কখনো ধানের পোকা খেয়ে কৃষকের উপকার করে থাকে। পাখি মানুষের পরম বন্ধু। আকোইনভাটপাড়া গ্রামের ফাতেমা পারভীন বলেন, অতিথি পাখিদের বিচরণের জন্য অভয়ারণ্য তৈরি করা প্রয়োজন।  

ফরিদ হোসেন মোল্লা বলেন, রোজ ভোরে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙ্গে। পাখির কারণেই এই গ্রামের পরিচিতি পেয়েছে।

অতিথি পাখি বসবাসের জন্য নিরাপদ অভয়ারণ্য সৃষ্টি করার জন্য বন বিভাগের কাছে দাবিও জানান তিনি।

ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. এনামুল হক ভূঁইয়া বলেন, আকোইনভাটপাড়ায় অতিথি পাখির জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। পাখিগুলোকে যাতে লোকজন বিরক্ত না করে সে জন্য ওই এলাকায় সাইনবোর্ড স্থাপন করে সতর্ক করা হয়েছে। তাছাড়া ওই এলাকায় নিয়মিত টহলও দেওয়া হচ্ছে।

শীতের তীব্রতা থেকে বাঁচতে অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকে সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া ও নেপাল থেকে অতিথি পাখিরা নাতিশীতোষ্ণ অঞ্চল বাংলাদেশে চলে আসে। এখানে বিভিন্ন জলাশয়ে থেকে শীত শেষে পাখিগুলো আবার গন্তব্যে ফিরে যায় বলে জানান তিনি।