কক্সবাজারে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় আগুন লেগে এক বৃদ্ধার প্রাণ গেছে; পুড়ে গেছে তিনটি বসতবাড়ি।
উপজেলার বরইতলী এলাকার রোশনাবাদ এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জি এম মহিউদ্দিন জানান।
নিহত নূর নাহার (৭৫) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রোশনাবাদ এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন বলেন, রোশনাবাদ এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে পাশাপাশি তিনটি বাড়ি আগুনে পুড়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সিরাজুল ইসলামের বাড়িতে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে টিন ও ছন দিয়ে তৈরি সিরাজুলের বাড়িসহ পাশের দুইটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা ঘমিয়ে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে সবাই বেরিয়ে আসতে পারলেও নূর নাহার আটকে পড়েন। এ সময় আগুনে পুড়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানিয়েছে বলে মহিউদ্দিন জানান।
নিহত নূর নাহারের স্বামী সিরাজুল বলেন, তার স্ত্রী প্যারালাইসিস আক্রান্ত ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি।
আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
