কুমিল্লায় ইটভাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
কুমিল্লা সদর আদর্শ উপজেলায় একটি ইটভাটায় মেশিনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাখরাবাদ চাপাপুর এলাকায় মেসার্স কুমিল্লা ব্রিকস-এ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ জানান।
নিহত সামছুল হক (৫৫) নেত্রকোনার মদন উপজেলার তেওসি গ্রামের বাসিন্দা।
ইটভাটার শ্রমিকরা জানান, সামছুল হক তার পরিবারের কয়েকজন সদস্যসহ ইটভাটায় কাজ করছিলেন। বিকালে কাজ করার সময় ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের উপর আকষ্মিকভাবে পড়ে যান তিনি।
এ সময় চলন্ত মেশিনে তার শরীর পেঁচিয়ে গেলে খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে তারা জানান।
ভাটার মালিক আবদুল মান্নান বলেন, সামছুল হক কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের কাছে যাওয়ার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তার মৃত্যু হয়।
পরিদর্শক সালাহউদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
