ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগের জনসভায় সংঘর্ষ: মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের জনসভায় ‘চেয়ারে বসাকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
তবে আসামির নাম-সংখ্যা উল্লেখ করা হয়নি।
সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, বুধবার মধ্যরাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানজিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
“মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে অজ্ঞাত কতজন তা উল্লেখ করা হয়নি।”
এ বিষয়ে বাদী তানজিল বলেন, “কারা এ সংঘর্ষে জড়িত আমরা তাদের শনাক্ত করতে পারিনি। ভিডিও দেখে পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
পুলিশ ভিডিও দেখে সংঘর্ষকারীদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি নবীর হোসেন।
বুধবার বিকাল ৫টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের জনসভা চলছিল। এ সময় ‘চেয়ারে বসা’ নিয়ে উত্তেজনা ছড়ায়। অনেকে চেয়ার ছুড়ে মারে। তবে কাদের মধ্যে ‘চেয়ারে বসা’ নিয়ে এই দ্বন্দ্ব বাধে তা কেউ বলতে পারেনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি নায়ার কবির, সহ-সভাপতি তাজ মেহাম্মদ ইয়াছিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে ছিলেন।
