সিলেটে পাথর কোয়ারির মাটি ধসে আবার মৃত্যু
সিলেটে পাথর তোলার সময় মাটি ধসে আবার এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক নারী শ্রমিক।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়ার (৩০) বাড়ি রংপুরে। বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গত এক বছরে পাথর তুলতে গিয়ে সিলেটে বেশ কয়েকবার মাটি ধসে হতাহতের ঘটনা ঘটেছে।
ওসি শফিকুর রহমান জানান, কালাইরাগ এলাকার আলী হোসেনের মালিকানাধীন গর্তে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। বেলা ১টার দিকে হঠাৎ গর্তের মাটি ধসে পড়লে ঘটনাস্থলে মারা যান স্বপন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি বলেন, দশ ফুটের বেশি গর্ত করে পাথর তোলা যাবে না এমন আইন থাকলেও এই শ্রমিকরা ২০-৩০ ফুট গভীর গর্ত করে পাথর তুলছিলেন।
গর্ত মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গত ২ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরেরজুম এলাকায় গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচ শ্রমিক নিহত হয়েছিলেন।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর সিলেটের গোয়াইনঘাটের জাফলং মন্দিরের জুম পাহাড় এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধসে এক নারী শ্রমিক নিহত হন। আহত হন আরও এক নারীসহ তিন শ্রমিক।
