বিবাহিতদের নেতৃত্বে গাজীপুর ছাত্রলীগ
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের কমিটিতে না থাকার বিধান থাকলেও জেলা কমিটিসহ গাজীপুরের বিভিন্ন উপজেলায় এমন নেতারা রয়েছেন, যাদের সন্তানও আছে।
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার বেশ কয়েকজন নেতা বিবাহিত।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের ৩১ মে এক বছর মেয়াদী জেলা ছাত্রলীগ কমিটি গঠিত হয়েছে। এরপর আর সম্মেলন হয়নি।
“এই কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এক সন্তানের জনক। সাধারণ সম্পাদক জাহিদুল আলম কমিটি গঠনের তিন মাসের মাথায় বিয়ে করেছিলেন।
“গঠনতন্ত্রে বিবাহিতদের ছাত্রলীগের কমিটিতে থাকার বিধান নেই। তবে খুব শিগগিরই এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানতে পেরেছি।”
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “ছাত্রলীগের গাজীপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, শ্রীপুর উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকু, শ্রীপুর পৌর সভাপতি হাবিবুর রহমান রনি, কালিয়াকৈর পৌর সাধারণ সম্পাদক ফাত্তাব মোল্লা, কালিয়াকৈর উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিবাহিত। তাদের মধ্যে অনেকেরই সন্তানও রয়েছে।”
গাজীপুর জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, পরবর্তী সম্মেলনের সিদ্বান্ত না হওয়া পর্যন্ত তাদের কমিটির মেয়াদ বহাল থাকে। তাছাড়া, কমিটি গঠনের পর কোনো নেতাকর্মী বিয়ে করলে ছাত্রলীগের নেতৃত্বে থাকতে পারবে না এমন কোনো বিধি-নিষেধ তার জানা নেই।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটিতে বিবাহিতদের স্থান নেই। মেয়াদ উত্তীর্ণ কমিটি ও বিবাহিত থাকলে অতি শীঘ্রই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।”
