নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আত্মহত্যা করেছে: কাদের
দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি রাজনৈতিক আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল ও নগদ টাকা বিতরণের সময় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে যে রাজনৈতিক আত্মহত্যা করেছে, এবার তার পুনরাবৃত্তি করবে না তারা। যত কথাই বলুক না কেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে।”
আন্দোলন করে বিএনপি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে না দাবি করে তিনি আরও বলেন, “শেখ হাসিনার সরকারের অধীনে এখন পর্যন্ত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, যা বিশ্ব ও দেশের মানুষ তা স্বীকৃতি দিয়েছে।
“বিএনপির জন্মগত অভ্যাস যখন নির্বাচনে জিতে তখন সুষ্ঠু হয়, আর যখন হেরে যাওয়ার আশংকা থাকে তখন সুষ্ঠু না হওয়ার প্রচারণা চালায়। বিএনপির ক্ষমতার উৎস বুলেট আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ।”
সেতুমন্ত্রী বলেন, “শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে এসেছি। মানুষের দুঃখ-কষ্টে থাকব না, এ রাজনীতির কোনো দাম নেই।”
সোমবার উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা দেশের সব রেকর্ড ভেঙে নেমে এসেছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দপুরের পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ৩২০০ জন শীতার্ত মানুষকে একটি করে কম্বল ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করেন।
পরে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার সেখানে পঞ্চগড় শীত বস্ত্র বিতরণের কথা রয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
সৈয়দপুরে শীত বস্ত্র বিতরণকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মামুদ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় ন্ন্দী, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য দেওয়ান মারুফ সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
