তথ্য প্রযুক্তি আইনে মামলা: জামিন পেলেন সাংবাদিক তানভীর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেন।
রোববার তার আইনজীবী মার-ই-য়াম খন্দকার এ কথা জানান।
গত ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের একটি আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ‘নিউজ নারায়ণগঞ্জ২৪ডটনেট’ এর সম্পাদক শাহ্জাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সায়েম আহমেদ নামের এক ব্যক্তি।
আাদলত নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল।
আইনজীবী মার-ই-য়াম বলেন, “রোববার হাই কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন ‘নিউজ নারায়ণগঞ্জ২৪ডটনেট’ এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেন। শুনানি শেষে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ তাকে আট সপ্তাহের জামিন দেন।”
