২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

নারায়ণঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 09:03 PM

Updated : 19 Aug 2022, 01:19 PM

সোমবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এ কথা জানান।

তিনি বলেন, সায়েম আহমেদ নামে এক ব্যক্তি গত ২৮ ডিসেম্বর  নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ডটনেট’ এর সম্পাদক শাহ্জাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন।

মামলায় বাদী সায়েম উল্লেখ করেন, গত ২৬ ডিসেম্বর নিউজ নারায়ণগঞ্জ ২৪ডটনেট’ এ ‘১আলীরটেকে হাইব্রীড আ’লীগ নেতাদের দাপটে কোনঠাসা ত্যাগী নেতাকর্মীরা’ শিরোনামে তার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বাদী সংক্ষুদ্ধ হয়ে এ মামলা করেছেন।

পরিদর্শক রাজ্জাক বলেন, “আদালতের আদেশে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।”

বিষয়টি নিয়ে সাংবাদিক শাহজাহান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সংবাদটি তথ্য নির্ভর ছিল। ওই নিউজের সঙ্গে মামলার বাদীর বক্তব্য প্রকাশিত হয়েছে “

ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।