ফরিদপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
ফরিদপুরের মধুখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার পরিক্ষতপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের খোরশেদ মণ্ডল (৩৫) ও তার স্ত্রী তানিয়া বেগম (৩০)।
ওসি মিজানুর বলেন, খোরশেদ স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথে পরিক্ষতপুর এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তাদের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
