২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 06:48 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

নিহত নূর আলম রকি (২৭) ফেনীর দাগনভূইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের আবদুল মালেকের ছেলে।

তার চাচাত ভাই শাহাদাৎ হোসেন জানান, শনিবার বাংলাদেশ সময় সকাল ৬ টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, ২০১৩ সালের শেষের দিকে রকি দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে তার দুই ভাই রাসেল ও জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ব্যবসা করছে।

“কাজ শেষ করে রকি শুক্রবার রাতে দোকানে ঘুমিয়েছিল। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করতে হামলা চালায়। এসময় তাকে গুলি করে মালালাম লুট করে নিয়ে যায়।

“রকির দুইভাই শনিবার সকালে খবর পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

ইয়াকবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।