২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 12:11 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

নিহত আমীর হোসেন মোল্লার (৫৫) বাড়ি উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে।

রোববার ভোরে বাড়ি থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিহতের বড় ছেলে মনির হোসেন মোল্লা জানান।

তিনি বলেন, বাড়ির পাশে একটি আখক্ষেত পাহাড়া দেওয়ার জন্য ক্ষেতের পাশেই  একটি টিনশেড ঘর বানিয়ে সেখানে থাকতেন বাবা।

“গ্রামের একখণ্ড জমি নিয়ে বাবার সঙ্গে একই গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয়ের (২৫) বিরোধ চলছিল। শনিবার রাত দেড়টার দিকে হৃদয় ও তার ৪/৫ জন সহযোগী ওই ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাবার ওপর হামলা করে। এ সময় বাবার চিৎকারে শুনে আমা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।”

মনির বলেন, বাবাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসনিয়া বলেন, আমিন নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে শ্রীপুর থানার এসআই সৈয়দ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা তারা ধারণা করছেন।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।