মুন্সীগঞ্জে সংঘর্ষে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল নদীতে
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ এক ব্যক্তির লাশ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চৈতার চর গ্রামের মেঘনার শাখা নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ইউনুচ আলী জানান।
নিহত মানিক কাজী (৫০) চৈতার চর গ্রামের বাসিন্দা।
মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, বুধবার মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর নিখোঁজ হন মানিক।
“তিন দিন পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
পুলিশের কর্মকর্তা ইউনুচ আলী বলেন, নিখোঁজ মানিকের মরদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
