ময়মনসিংহে বিএনপির মিছিলে ‘লাঠিপেটা’
ময়মনসিংহের গৌরীপুর ও ফুলপুরে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের দাবি, লাঠিপেটায় গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও ফুলপুর উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খানসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তিতে শুক্রবার গৌরীপুর ও ফুলপুরে বিক্ষোভের আয়োজন করে বিএনপি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, দুপুরে তার নেতৃত্বে ঝলমল সিনেমা হল সড়ক থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের স্টেশন রোড এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলটি আটকে ব্যানার নিয়ে নেয়।
“এ সময় বিএনপি নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
তবে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ লাঠিপেটা করার কথা অস্বীকার করেছেন।
তিনি বলেন, “বিএনপি মিছিল বের করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়; তবে লাঠিচার্জ করা হয়নি।”
সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহ্ শহীদ সারোয়ার বলেন, ফুলপুরে উপজেলা বিএনপি তার নেতৃত্বে থানা রোডস্থ বাসভবন থেকে বিকালে একটি কালো পতাকা মিছিল বের করলে পুলিশ ‘লাঠিচার্জ’ করে।
ফুলপুরে মিছিলের উপর চড়াও হয় পুলিশ
ফুলপুরে মিছিলের উপর চড়াও হয় পুলিশ
আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
তবে ফুলপুর থানার ওসি এ কে এম মাহবুবুল আলম লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন।
