কেরানীগঞ্জে গলায় ওড়না পেঁচানো তরুণীর লাশ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক তরুণীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহ আলম জানান, মুন্সী নোয়াদ্দা গ্রামের একটি নির্জন জায়গা থেকে বৃহস্পতিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ১৮ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
পরিদর্শক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
“তার গলায় হলুদ রঙের ওড়না পেঁচানো রয়েছে। পরনেও রয়েছে হলুদ সালোয়ার ও হলুদ ছাপা কামিজ। তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে উপজেলার চড়াইল থেকে আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আক্কাস মিয়া জানিয়েছেন।
তিনি এ সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারেননি।
