সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় আহত ৩
সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় তিনজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে কলেজটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত তিনজনের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানালেও পুলিশ তাদের নাম বলেনি।
ওসি আক্তার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিলাগড় এমসি কলেজে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল অবস্থান নিয়েছিল।
“এ সময় মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল এমসি কলেজে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে তিনি জানান।
