২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে; আহত হয়েছে আরও পাঁচ শ্রমিক।  

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 03:03 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, রামগঞ্জ পুলিশ বক্সের সামনে পৌর সুপার মার্কেটের ‘মনা মিয়ার’ রেস্তোরাঁয় বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত আহাদ হোসেন একই উপজেলার রিকশাচালক আবু ছায়েদ গুজার ছেলে।

আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি তোতা মিয়া বলেন, রাতে মনা মিয়ার রেস্তোরাঁয় শ্রমিকরা রান্না করছিল। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

“মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়লে রেস্তোরাঁর ভেতরে অনেকে আটকা পড়ে। এ সময় অন্যরা বেরিয়ে আসতে পারলেও ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়।”

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে ওসি জানান।