আধিপত্য বিস্তারের বিরোধে মুন্সীগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
মুন্সীগঞ্জের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন; এ সময় আহত হয়েছে আরও নয়জন।
মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বশাক জানান, গুলিবিদ্ধ লিজা (৩০), মীম (১৫), খালেদা আক্তার (৩৫), ফালান (৩৫), সজল হোসেন ও অজ্ঞাত পরিচয় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
