হত্যাচেষ্টা মামলার আসামিকে না ধরার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে এক সাবেক সেনাসদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা ‘প্রকাশ্য থাকলেও’ তাদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
মঙ্গলবার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী শিরিন আক্তার এ অভিযোগ করেন।
শিরিন আক্তার হামলার শিকার সাবেক সেনা সদস্য আব্দুল কুদ্দুসের বড় মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিশোরী শিরিন আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে তার ছোট চাচা আজগর আলী তার বাবার ক্রয় করা ৪০ শতক জমি জোরপূর্বক দখল করে রাখেন।
গত ২৬ ডিসেম্বর দুপুরে তার বাবা আব্দুল কুদ্দুস চাচা আজগর আলীকে ওই জমি ছেড়ে দিতে বলেন। এ সময় আজগর আলী তার লোকজনসহ তার বাবাকে লাঠিসোটা দিয়ে মারধর করেন। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
শিরিন জানান, কুদ্দুসকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পরদিন (২৭ ডিসেম্বর) শিরিন বাদী হয়ে মিয়ারত আলী, আজগর আলী, রুহুর আমিন, রশেদা বেগম, কাদের ও রেজিয়া বেগমকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
শিরিনের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদী ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেকাচ্ছে।
তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, “আসামিরা কোথায় আছে বাদী এ ব্যাপারে কোনো প্রকার তথ্য দেয় না। যদি তথ্য না পাই তাহলে কেমন করে গ্রেপ্তার করব বলেন! তারপরও আমরা আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
