২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতিতে শার্শার স্বাস্থ্য সহকারীরা

যশোরের শার্শা উপজেলায় স্বাস্থ্য সহকারীরা ১১ নম্বর গ্রেডে বেতনসহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 01:19 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোমবার সকাল থেকে তাদের এ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

শার্শা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমা আক্তার বলেন, “টিকা দেওয়া একটি টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল গ্রেড হল ১১ নম্বর। কিন্তু আমাদের বেতন দেওয়া হয় ১৬ নম্বর গ্রেডে।

“আমরা ১১ নম্বর গ্রেডে বেতনসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্ট কালের জন্য এ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে - মূল বেতনের ৩০ শতাংশ ভ্রমণভাতা ও ঝুঁকি ভাতা, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, শূন্য পদে নিয়োগ ও ১০ শতাংশ পোষ্য কোটা।

দুই দিন ধরে তারা উপজেলার কোথাও টিকা দেওয়ার কাজে অংশগ্রহণ করেনি বলে জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের শার্শার সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সালমা আক্তার, স্বাস্থ্য সহকারী হাসানুজ্জামান, কামরুজ্জামান, মনিরুজ্জামান, হামিদা পারভিন, রেনুকা বসুসহ অনেকে অংশগ্রহণ করেন।

সভাপতি আনিছুর  বলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ডাকে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করছেন তারা।

এ বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা বলেন, স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে থাকায় টিকাদান কর্মসূচি কিছুটা ব্যাহত হচ্ছে। তবে ফ্যামিলি প্লানিংকর্মীদের সহযোগিতায় টিকা দেওয়ার কর্মসূচি চালানো হচ্ছে।