‘র্যাব এসে নিয়ে গেল, পরে দেখি লাশ’
ফেনী সদরে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক বিক্রিতে জড়িত বলে র্যাবের ভাষ্য।
তবে পরিবার বলছে, সোমবার সকালে র্যাব এসে ওই তরুণকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালের মর্গে তারা লাশ পান।
নিহত আনোয়ার হোসেন রাজু (২৫) সদর উপজেলার ধর্মপুর এলাকার মিজিবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, তার ছেলে গত ১০ দিন আগে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
“সোমবার ভোর ৪টার দিকে র্যাব সদস্যরা রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা গুলির শব্দ শুনি। সকালে খবর পেয়ে ফেনী সদর হাসপাতালের মর্গে গিয়ে ছেলের লাশ দেখতে পাই।”
তবে র্যাবের ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলছেন, মাদক বিক্রেতারা ওই এলাকায় জড় হয়েছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। তখন তারা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে।
“র্যাব পাল্টা গুলি ছুড়লে রাজু আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
র্যাব ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, একটি বন্দুক ও সাতটি গুলি উদ্ধার করেছে বলে জানান জামিল ফাহিম।
তিনি বলেন, রাজুর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, ডাকাতি ও চোরাচালানসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
