ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভগ্নিপতি নিহত, শ্যালক আহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছে তার শ্যালক।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার কালমেঘ বারঢালী সোনাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।
নিহত মইনুল ইসলাম (৩০) উপজেলার দোগাছি মধুপুর গ্রামের বুধু মোহাম্মদের ছেলে।
আহত গাঠি মোহাম্মদ (২৯) একই গ্রামের ছলি মোহাম্মদের ছেলে। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা কালমেঘ বারঢালী এলাকায় একটি ইটভাটার শ্রমিক বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মোস্তাফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মইনুল ও গাঠি একটি বাইসাইকেলে করে বাড়ি থেকে ইটভাটার দিকে যাচ্ছিল। পথে ঠাকুরগাঁও থেকে নেকমরদ বাজারমুখী একটি নসিমন তাদের ধাক্কা দিলে আহত হন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মইনুলকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নছিমনটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে।
