২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 10:54 AM

Updated : 19 Aug 2022, 06:17 PM

শনিবার রাত ৩টার দিকে চান্দিনার ছয়গড়িয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জেলা ডিবি পুলিশের ওসি ফিরোজ আহমেদের ভাষ্য।

নিহত শামীম (৩০) চান্দিনার কাসেমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে চান্দিনা, কোতোয়ালি সদর দক্ষিণ ও দেবিদ্বার থানায় অন্তত ১২টি মামলা থাকার কথা জানিয়েছেন ওসি। 

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে তিনি বলেন, চান্দিনার ছয়গড়িয়ায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়।

“এ সময় ডাকাতরা পুলিশের দিকে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন শামীম গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে গেলে শামীমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

অভিযানে অংশ নেওয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, এই অভিযানে তাদের এসআই হুমায়ুন, কনস্টেবল কামাল ও দেলোয়ার আহত হয়েছেন। তাদের কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, তিনটি চাপাতি ও দুটি রামদা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।