২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রকে ঝুলিয়ে পিটুনি: ছাত্রলীগ থেকে বহিষ্কৃত আশিক

লালমনিরহাটের আদিতমারীতে চুরির অভিযোগ তুলে স্কুলছাত্রকে গাছে ঝুলিয়ে মারধরের মামলার আসামি স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 06:26 PM

Updated : 12 Apr 2022, 01:00 AM

বুধবার রাতে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃংখলা ভঙ্গের অভিযোগে আশিক বাবুকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

মাইদুল ইসলাম সরকার বাবু বলেন, “তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আশিক বাবুর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় সে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিবে।”

আশিক বাবু মহিষখোচা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সাইকেল চুরির অভিযোগ তুলে আদিতমারী উপজেলার মহিষখোচায় সদ্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া এমদাদুল হককে (১৩) গাছে ঝুলিয়ে মারধরের অভিযোগে আশিক বাবুর বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রের মা।

মামলার আসামিরা হলেন আশিক বাবু, তার বাবা মোকলেছার এবং মিঠু নামে নামে একজন।

মামলায় অভিযোগ করা হয়, বাবা না থাকায় এমদাদুল বড় বোনের বাড়িতে থেকে লেখাপড়া করে এবং স্কুলের পাশাপাশি মহিষখোচা বাজারের চায়ের দোকান চালায়। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায় এমদাদুল।

পরদিন (বুধবার) সকালে ফোন করে এমদাদুলকে ডেকে নেন ছাত্রলীগ নেতা আশিক বাবু। এরপর এমদাদুল কিছু বুঝে ওঠার আগেই আশিক তাকে পার্শ্ববর্তী গ্রামীণ ব্যাংকের পিছনের বাগানে নিয়ে যান অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, সেখানে হাত ও পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করতে থাকেন এবং মঙ্গলবার রাতে তার দোকানের পাশে রাখা বাইসাইকেলটি কোথায় জানতে চান।

কিন্তু এর উত্তর না পেয়ে এমদাদুলকে বেদম মারপিট করে গলায় ছুরি ঠেকিয়ে আশিক বাবু হত্যার হুমকী দেন বলে অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা এমদাদুলকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, এমদাদুলের মা আনজু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শহীদ সোহরাওয়ার্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, আশিক বাবুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুরনো খবর:

স্কুলছাত্রকে ঝুলিয়ে পেটালেন ‘ছাত্রলীগ নেতা’