বিএসএফের হাতে নির্যাতনের বর্ণনা দিল বাংলাদেশি যুবক
ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটকের পর সেখান থেকে পালিয়ে ফেরা এক বাংলাদেশি যুবক নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
পালিয়ে ফেরা আজম আলী (২২) বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার নজরুল ইসলামের ছেলে। এলাকাবাসী ও পরিবারের কাছে ওই নির্যাতনের বর্ণনা দেন তিনি।
অপরদিকে আব্দুল লতিফ (৩৫) নামে আরেক বাংলাদেশিকে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।
লতিফ নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আজম বলেন, বুধবার গভীর রাতে তিনিসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতীয় গরু পারাপারকারী রাখালদের সহযোগীতায় বুড়িমারী ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলাররের ৩ নম্বর সাবপিলার কাছে ধরলা নদী পথে ভারতে প্রবেশ করে।
সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার ভোরের দিকে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের হাতে ধরা পড়েন তারা।
এ সময় বিএসএফের টহল দলের সদস্যরা ‘বন্দুকের বেয়োনেট’ দিয়ে তাদের মারধর করে বলে অভিযোগ করেন আজম।
তিনি বলেন, এক পর্যায়ে বিএসএফের হাত থেকে পালিয়ে তিনি প্রাণ বাঁচান। এরপর তিনি পাটগ্রাম উপজেলা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
তবে বিএসএফের সদস্যরা লতিফকে ধরে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানান আজম।
পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম বলেন, আজম হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তার শরীর বিভিন্ন স্থানে বেয়োনেটের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে এ চিকিৎসক জানান।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিজিবি-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনিরুজ্জামান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র দিয়ে পতাকা বৈঠকের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
