জাবিতে ছয়দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, এর আগে গত ২০ ডিসেম্বর এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের কারণে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষা সফর, অতিথি পাখি দর্শন ও শ্যুটিংসহ কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া নির্বাচনের দিন সকাল ৮টা থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন কলা ও মানবিক অনুষদ ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রিকশা চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান রেজিস্ট্রার।
আগামী ৩০ ডিসেম্বর সিনেটে ২৫ জন রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। ১৯ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা চার হাজার ৩৭৩ জন। সর্বশেষ ১৯৯৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, ২০০১ সালে যার মেয়াদ শেষ হয়েছে।
