২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ধর্মমন্ত্রীর ‘কণ্ঠস্বর নকল করে’ গ্রেপ্তার

ধর্মমন্ত্রী মতিউর রহমানের কণ্ঠস্বর নকল করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 01:11 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

গ্রেপ্তার স্বপন মণ্ডল (৩৫) জেলার ভালুকা উপজেলার সালাউদ্দিন মণ্ডলের ছেলে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সোমবার সকালে সাংবাদিকদের বলেন, একটি চক্র কয়েক মাস ধরে ধর্মমন্ত্রী মতিউর রহমানের কণ্ঠস্বর নকল ও ভালুকার সংসদ সদস্য এম আমানউল্লাহর পিএস পরিচয়ে প্রতারণা করে আসছিল।

“তারা জেলার বিভিন্ন সরকারি চাকরিজীবীকে বদলিসহ বিভিন্ন লোভ দেখিয়ে টাকা নিচ্ছিলেন। রোববার রাতে ভালুকা উপজেলা থেকে এই প্রতারক চক্রের মূল হোতা স্বপনকে গ্রেপ্তার করা হয়।”

স্বপনকে জিঞ্জাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, “স্বপন গত ১৯ সেপ্টেম্বর গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমকে ভালুকা উপজেলায় বদলি করার কথা দেন।

“এজন্য ২৫ হাজার টাকা ও সরকারি প্লট বরাদ্দের নামে তিনি সাড়ে তিন লাখ টাকা নেন তার কাছ থেকে। কয়েক দিন পরে বিভিন্ন কারণ দেখিয়ে তিনি তার কাছ থেকে আরও ১৭ লাখ টাকার দুটি চেক নেন।”

স্বপনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।