২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলার জন্য কর্ক কিনতে গিয়ে নিখোঁজ এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 02:48 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

রোববার সকালে উপজেলার সাহেব বাজার সড়কের পাশের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান।

নিহত আসাদ হোসেন (১৮) উপজেলার কালচোঁ ইউনিয়নের খিলপাড়ার প্রধানিয়া বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে।

ওসি জাবেদুল বলেন, শনিবার রাতে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন আসাদ। এ সময় শাটল কর্ক কেনার জন্য আসাদকে টাকা দিয়ে পাশের সাহেব বাজারে পাঠানো হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সকালে সাবেব বাজারে রাস্তার পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। 

লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।