২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে মতানৈক্য নেই: ফখরুল

বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার ভিন্ন সুরের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যকে নাকচ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 07:16 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

ফখরুল বলেছেন, “আমাদের দলের মধ্যে কোনো রকম মতানৈক্য নেই, দল একদম ইউনাইটেড। খালেদা জিয়া দলের চেয়ারপারসন এবং তারেক জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই ঐক্যবদ্ধভাবে আমরা সবসময় কাজ করি।”

শুক্রবার ঢাকায় কাকরাইলে নোয়াখালী জেলা সমিতির এক অনুষ্ঠান থেকে বের হওয়ার পর ওবায়দুল কাদেরকে রংপুর নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুধরনের বক্তব্য বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।  

ওই সময় তিনি বলেন, “এটা ফখরুল সাহেব ও রিজভীকে জিজ্ঞেস করেন। .. আসলে বাজারে গুঞ্জন আছে- তাদের মধ্যে একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক।”

এ সময় ফখরুল নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসা নিয়ে কথা বলেন।

“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখলাম রাজনৈতিক নেতা থেকে শুরু করে লেখক, ব্লগারসহ অনেককেই গুম করে ফেলা হয়েছে। গুম করার পর থেকে তাদের আর কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকা সিটি করপোরেশনের ৫ বারের কমিশনার (কাউন্সিলর) চৌধুরী আলম, লাকসামের এমপি হিরু, ঢাকা মহানগরের ২১ জন গুম হয়ে গেছে বলে অভিযোগ করেন ফখরুল।

মানবাধিকার সংস্থাগুলোর বরাতে তিনি বলেন, “গত তিন মাসে ১৫১ জন গুম হয়েছে। এদের মধ্যে রিসেন্টলি কয়েকজনকে ফেরৎ দেওয়া হয়েছে।”

রংপুরের নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তো জাতীয় নির্বাচনের পরীক্ষা বলা যাবে না এবং তার মূল্যায়নও করা যাবে না।

“রংপুর বরাবরই বিএনপির সাংগঠনিকভাবে একটা দুর্বল জায়গা। কিন্তু প্রমাণিত হয়েছে আমাদের ভোট আগের চেয়ে বেড়েছে এবং প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাবেক সহ সভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ। 

পুরনো খবর:

ফখরুল-রিজভীর ভিন্ন সুরে খালেদা-তারেক দ্বন্দ্ব: কাদের
রংপুরের ভোট নিয়ে ফখরুল-রিজভীর দুই সুর