পুলিশের সঙ্গে প্রতারণা, গার্মেন্ট কর্মী গ্রেপ্তার
সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক গার্মেন্ট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাহবুব আলম (৩২) ঝালকাঠি সদরের রমজান কাঠি এলাকায় আ. হামিদ হাওলাদারের ছেলে। তিনি পোড়াবাড়ী ওয়াকফিল গার্মেন্টসে সুপারভাইজার পদে চাকরি করেন।
ওসি আমিনুল জানান, মাহবুব আলম গাজীপুর সদরের মনিপুর এলাকায় আরাবী ফ্যাশন নামের এক পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে তার ভাগ্নের স্ত্রী একজনের কাছে কিছু টাকা পায়। টাকা পরিশোধ না করায় ওই লোকের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি জিডি আছে।
“দীর্ঘদিনে ওই টাকা আদায় না হওয়ায় শুক্রবার মাহবুব মোবাইল ফোনে নিজেকে শেরপুর সার্কেলের সিনিয়র এএসপি পরিচয় দিয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে ফোন করে তদবির করেন।”
এক পর্যায়ে তার কথা ও আচরণে সন্দেহ হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয় বলে জানান তিনি।
শনিবার জয়দেবপুর থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
