২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে মদনটাকের আরও ২ ছানা

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ‘বিপন্নপ্রায়’ পাখি মদনটাকের পরিবারে এসেছে আরও দুটি নতুন অতিথি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 08:39 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

শুক্রবার সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. আনিছুর রহমান এ কখা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় ‘বিপন্নপ্রায়’ ছয়টি মদনটাক পাখি সংগ্রহ করা হয়।

“এদের মধ্যে একটি মদনটাক নভেম্বর মাসে দুটি ও আরেকটি মদনটাক চলতি মাসে দুটি বাচ্চা জন্ম দেয়।”

নতুন চার মদনটাক সুস্থ আছে জানিয়ে আনিছুর আরও বলেন, মদনটাক মূলত জলচর পাখি। মাছ, ব্যাঙ, সরীসৃপ, কাকড়া, বিভিন্ন জলজ প্রাণী এদের প্রধান খাদ্য। প্রজনন মৌসুম ব্যতীত একাক থাকে।

নভেম্বর থেকে জানুয়ারি মাসে গাছে বাসা তৈরি করে ডিম পাড়ে। স্ত্রী মদনটাক তিন থেকে চারটি পর্যন্ত ডিম পাড়ে। ২৮দিন পরেই ডিম থেকে বাচ্চা হয় বলে জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, মদনটাকের বাচ্চা দেওয়া একটা খুশির সংবাদ। পাখিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

“সুন্দরবনে মাঝে মধ্যে কিছু মদনটাক দেখা যায়। এদের খাবার, বসবাসের জায়গা নষ্ট হয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এদের অস্তিত্ব বিপন্ন প্রায়। ”

এদের বংশবৃদ্ধির মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নিলে মদনটাকের অস্তিত্ব রক্ষা করা যাবে বলে জানান তিনি।