২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া ঘাটে যাত্রীর ঢল

বড়দিনের ছুটিকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের বিভ্ন্নি গন্তব্যের ঘরমুখো মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 01:34 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

শুক্রবার সকাল থেকে শিমুলিয়ায় ঘাটে ছয় শতাধিক যান পারাপারে অপেক্ষায় থাকতে দেখা গেছে; যার মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি।

সোমবার বড়দিন হলেও মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার ছুটি হাতে নিয়ে মানুষ ঘরমুখো হতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ বলেন, চারটি রো রো ফেরিসহ ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করানো হচ্ছে। শুক্রবার ঘাটে চাপ এমনিতেই বেশি থাকে, তার উপর টানা চারদিনের ছুটি থাকায় ঘরমুখোদের ভিড়ে চাপ আরও বেড়ে গেছে।

এদিকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঘাটে অপেক্ষরত যানের চাপও বাড়ছে।ফলে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

শাহ নেওয়াজ বলেন, “শিমুলিয়া ঘাটে সকাল ছয়টা থেকে ছয় শতাধিক যান পারাপারে অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ছোট গাড়ির সংখ্যাই বেশি।”

“আমরা অগ্রাধিকারের ভিত্তিতে গাড়ি পার করছি। ট্রাকগুলো ঘাট থেকে দূরে রেখে যাত্রীবাহী ও গুরুত্বপূর্ণ যানগুলো আগে পার করা হচ্ছে।”

শুধু ফেরিতে নয় একই রকম ভিড় দেখা যাচ্ছে লঞ্চ ও স্পিডবোট ঘাটেও।

ফরিদপুরগামী প্রাইভেটকারের যাত্রী এসএম করিম তিনি বলেন,“পরিবারের সদস্যদের নিয়ে ভোর থেকে শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছি। এখনও পার হবার কোনও খবর নেই।  ফেরি লাইনের সামনে যেতেও পারিনি।”

শরিয়তপুরগামী ব্যাংক কর্মকর্তা সালেহা বেগম বলেন, “অনেক কষ্টে রোববার ছুটি ম্যানেজ করে বাড়ি যাচ্ছিলাম। বেড়ানো ছাড়াও পারিবারিক কাজ আছে। এর মধ্যে আজকের দিন মাটি। কিভাবে কী করব বুঝতে পারছি না।”       

তবে চাপ সামলে যাত্রীদের পারাপার নির্বিঘ্ন করতে ও তাদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে বলে জানালেন মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ।

তিনি বলেন, গাড়ির চাপ বেশি থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে যানবাহনগুলো পার্কিং এবং ছোট যানকে প্রাধান্য দিয়ে আগে পার করা হচ্ছে।কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারেও পুলিশ সর্তক রয়েছে।