গাজীপুরে ‘মশার কয়েল’ থেকে অগ্নিকাণ্ড
গাজীপুর শহরের শ্মশান এলাকায় ‘মশার কয়েল’ থেকে অগ্নিকাণ্ডে মালপত্রসহ তিনটি বসতঘর পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ওই এলাকার মাঈন উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
পরিবারের বরাতে তিনি বলেন, রাতে তারা মশার কয়েল জ্বেলে ঘুমিয়ে ছিলেন। সোয়া ২টার দিকে আগুন লেগেছে বলে টের পান। এক ঘরে আগুন লেগে পরে তা পাশের আরও দুই ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টিভি, ফ্রিজ, টাকাসহ মালপত্র পুড়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
