২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মারধরের মামলায় মন্ত্রীপুত্র তমালের জামিন নামঞ্জুর

পাবনার রূপপুরে সাংবাদিকদের উপর হামলা ও মারধরের মামলায় ভূমিমন্ত্রীর শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করেছে আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 08:04 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার দুপুরে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রেজাউল করিমের আদালতে তাকে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দেন বলে জানিয়েছেন তমালের আইনজীবী মোহা. আকরামুজ্জামান মামুন।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলায় একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় এ নিয়ে দ্বিতীয় বারের মতো তমালের জামিন নামঞ্জুর করল আদালত।

গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রতিপক্ষের ওপর হামলা করে তমাল ও তার সহযোগীরা। সময় ছবি তুলতে গেলে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মারধর করে তারা।

এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসানসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পার্থ হাসান বাদী হয়ে তমাল ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারসহ ২৫/৩০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন। এ ঘটনায় গত ১৩ ডিসেম্বর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় তমালকে।