ট্রেন রক্ষাকারী দুই শিশুকে সংবর্ধনা
রাজশাহীর বাঘায় লাল মাফলার দেখিয়ে ট্রেন দুর্ঘটনা রুখে দেওয়া দুই শিশুকে সংবর্ধনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার পাবনার পাকশীতে রেলওয়ে পশ্চিমাঞ্চল ট্রেন রক্ষাকারী শিহাবুর রহমান শিহাব (৬) ও টিটোন আলীকে (৭) সংবর্ধনা দেয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) আয়োজনে এ সংবর্ধনায় দুই শিশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।
সোমবার সকালে বাঘা উপজেলার আড়ানি স্টেশনের কাছে ঝিনা রেলগেইট এলাকায় লাইনের ক্ষতিগ্রস্ত দেখে গলায় থাকা লাল মাফলার উড়িয়ে দুর্ঘটনার হাত থেকে তেলবাহী একটি ট্রেন রক্ষা করে এ দুই শিশু।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া জন্য দুপুরে ঈশ্বরদী আসে তারা।তাদের সঙ্গে আড়ানি সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ও তাদের মা-বাবা ছিলেন। এ সময় দুই শিশুকে দেখতে স্টেশনে অনেক মানুষ ভিড় করে।
সেখান থেকে তাদের পাকশী বিভাগীয় ডিআরএম কার্যালয়ে নেওয়া হয়। সংবর্ধনার শুরুতে ডিআরএম অসীম কুমার তালুকদার তাদের ফুলের মালা ও ফুলের তোড়া উপহার দেন। পরে পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তারাও ফুল দিয়ে তাদের পরিবারকে অভ্যর্থনা জানায়।
পাকশী রেলের পক্ষ থেকে তাদের ১৩ হাজার করে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবুল ইসলাম ও ঠিকাদার আনোয়ারুল ইসলাম দুই হাজার ও মীর আখতার হোসেন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেয়।
অনুষ্ঠানে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, আড়ানি সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবুল ইসলাম, পাকশী রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি ইকবাল হায়দার, শিহাবের মা রিতা খাতুন বক্তব্য দেন।
শিহাবের মা রিতা খাতুন বলেন, “আমি ভাবতে পারিনি আমার ছেলে দেশের জন্য এতো বড় একটি সাহসী কাজ করবে। আপনারা আমার সন্তানের জন্য যে সম্মান দিলেন, তাতে আমরা খুবই খুশি।”
“দোয়া করবেন আমার সন্তান যেন ভবিষ্যতে দেশ ও দশের জন্য কাজ করতে পারে।”
অসীম কুমার তালুকদার বলেন, দুই শিশু তাৎক্ষণিক মেধা দিয়ে যে কাজ করেছে সত্যিই অকল্পনীয় একটি ব্যাপার। আর তাদের এই মহতী কাজের জন্য তাদের কাছে রেল কর্তৃপক্ষ কৃতজ্ঞ।
