চেয়ারম্যান লাঞ্ছিত, ৫ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও তার সমর্থক এক ছাত্রলীগ নেতাকে মারধর এবং লাঞ্ছিতের অভিযোগে পাঁচ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দ্রুত বিচার আদালতে অভিযোগ দায়ের করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জহিরুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদের আদালতে অভিযোগটি দায়ের করা হয়েছে।
“বিচারক এ অভিযোগ সংক্রান্ত কোনো আদেশ দেনটি। পরবর্তী কার্য দিবসে আদেশ দেবেন।”
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিদনী ইসলাম, সহ-সম্পাদক মো. ইমন ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. রাব্বীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে আইনজীবী জানান, গত ১৬ ডিসেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও তার কর্মী-সমর্থকরা জেলা শহরের দক্ষিণ মৌড়াইল নিয়াজ মুহাম্মদ ফারুকী পার্কের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী জহিরের ওপর হামলা চালায়।
“ছাত্রলীগ নেতাকর্মীরা জহিরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার করে। এসময় জহিরকে রক্ষা করতে এগিয়ে এলে তারা জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।”
এ বিষয়ে জহিরুল বলেন, “আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তারা এমন করেছে।”
ঘটনা স্বীকার করে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক বলেন, পরিকল্পনা করে জেলা ছাত্রলীগে সাংগঠনিক সাম্পাদক মো. রুবেল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি জিদনি, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ ৪০/৫০ জন ঘেরাও করে জহিরকে মারধর করে।
“জহিরকে বাঁচাতে এগিয়ে গেলে তারা জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমকে লাঞ্ছিত করে।”
