২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সালথার ইউএনওসহ আহত ৩

সরকারি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানসহ তিনজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 02:50 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জিয়াকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউএনও মোবাশ্বের প্রশাসনিক সভায় যোগ দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, পথে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় ইউএনওর সরকারি জিপ। এতে ইউএনও, গাড়িচালক হাসমত ও এক অফিস সহকারী আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“ইউএনও মোবাশ্বের হাসানের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।”

ইউএনও মাথায় ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।