কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি পারাপর বন্ধ
ঘন কুয়াশায় কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাতে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম এ কথা জানান।
তিনি বলেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পদ্মা নদীতে যানবাহনসহ পাঁচটি ফেরি আটকা পড়েছে।
“কুয়াশার পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সকালের আগে ফেরি চলাচল শুরু করা সম্ভব নয়।”
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি ।
শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।
