২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিশু রাব্বি হত্যায় তিনজনের ফাঁসির রায়

রাজশাহীতে দশ বছর বয়সী শিশু ফজলে হোসেন রাব্বিকে অপহরণ ও হত্যার দায়ে তিনজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 05:42 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক শিরীন কবিতা আক্তার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার সাত আসামির মধ্যে মোহনপুর উপজেলার বেড়াবাড়ি ডাইংপাড়ার আবুল কাশেমের ছেলে মাজেদুর রহমান সাগর, হযরত আলীর ছেলে নাজমুল হক ও আব্দুর রাজ্জাকের ছেলে রিপন সরকার লিটনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। 

সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এছাড়া মামলার অপর আসামি মৃতুদণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমানের মা আসিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আবুল কাসেম (৫০), আমিনুল ইসলাম (২৪) ও সাহাবুদ্দিনকে (২২) আদালত খালাস দিয়েছে।

রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন বলে পিপি এন্তাজুল হক জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর মোহনপুর উপজেলার আলী হোসেনের ছেলে ও বেড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বিকে অপহরণের পর হত্যা করা হয়।

পরে তার মাথা ও ডান হাত বিচ্ছিন্ন করে লাশ বস্তায় ভরে স্থানীয় হাবিবুর রহমানের ধান খেতের ডিপ টিউবওয়েলের নালায় পুঁতে রাখে হত্যাকারীরা।

এরপর হত্যাকারীরা রাব্বির বাবার মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের বিনিময়ে ২৪ ডিসেম্বর রাব্বিকে ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় রাব্বির বাবা থানায় মামলা দায়ের করেন। ২৬ ডিসেম্বর রাব্বির লাশ উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে সাগর ও আসিনুর বেগম হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।