নারী কাউন্সিলরের হাতে সিসিক প্রধান প্রকৌশলী লাঞ্ছিত
সংরক্ষিত নারী কাউন্সিলর শামীমা স্বাধীনের হাতে লাঞ্ছিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে এ ঘটনা ঘটে বলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান।
এ ঘটনার পর শামীমা স্বাধীনকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
এনামুল হাবিব বলেন, মঙ্গলবার দুপুরে শামীমা স্বাধীন নগর ভবনে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের কক্ষে যান। তার ওয়ার্ডে একটি উন্নয়ন কাজ করে দিতে নূর আজিজকে বললে তিনি এ কাজের এখতিয়ার নেই জানালে ক্ষুব্ধ হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শামীমা।
“ঘটনার পরপরই নগরভবনে কর্মকর্তা-কর্মচারীরা শামীমাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।”
শামীমাকে বরখাস্ত না করলে কর্মবিরতির হুমকি দিলে বিকালে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বৈঠক শেষে মেয়র আরিফ বলেন, “যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। কাউন্সিলর শামীমাকে বরখাস্ত করতে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
মেয়রের বক্তব্যের পর নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা শান্ত হন বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
