প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট ফেইসবুকে, শিবির কর্মী গ্রেপ্তার
ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঝালকাঠিতে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্যগুয়াটন গ্রামের বাড়ি থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাঈনুল ইসলাম (২৯) ওই এলাকার মোতালেব আকনের ছেলে। তিনি ঢাকায় ছাত্র শিবিরের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
ওসি তাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার নিজের ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন মাঈনুল। এ ঘটনায় সদর উপজেলার নঁওয়াপাড়া গ্রামের সিদ্দিক নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মাঈনুলকে আটক করে।
“পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হস্তান্তর করে।”
মাঈনুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করার জন্য পুলিশ হেড কোয়াটারে আবেদন করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
