২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের কারাভোগ শেষে দেশে ফিরল ৬ বাংলাদেশি 

অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ফিরেছেন ছয় বাংলাদেশি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 05:04 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

সোমবার দুপুরে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সিনহা মো. রাশেদ খান জানান।

এরা হলেন- টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সায়ের মোহাম্মদের ছেলে হামিদ হোসেন (৩৭), খুইল্ল্যা মিয়ার ছেলে রশিদ উল্লাহ (৩২), লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২), অছিউর রহমানের ছেলে ফজল আহমদ (৩৫), মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ হোছন (৩৫) ও আলী চানের ছেলে মোহাম্মদ হাশিম (২২)।

বিজিবির এ কর্মকর্তা বলেন, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মংডুতে এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন মেয়াদে সাজাপ্রপাপ্ত  ছয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

“তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া অবৈধভাবে মিয়ানমারের প্রবেশ ও সে দেশের আইন লংঘনের অভিযোগ ছিল।”

তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে রাশেদ জানান।

পতাকা বৈঠকে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক সুবেদার মো. ইব্রাহিম হোসেন এবং নয় সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ইউ অং ক্যাই সিং।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।