২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মাইক্রো উল্টে ভারতীয় নাগরিক নিহত

মাগুরা সদর উপজেলায় মাইক্রোবাস উল্টে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন; আহত হয়েছে চালকসহ আরও চারজন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 12:47 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, উপজেলার ভিটাসাইর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক।

নিহত ইসলামের (২৫) বাড়ি ভারতের বিহারে। কিছুদিন আগে ব্যবসার কাজে তিন সঙ্গীর সঙ্গে বাংলাদেশে আসেন তিনি।     

আহতদের মধ্যে আলতাফ (৩৫), রহমাত আলী (২৫) ও রাজার (৩২) বাড়িও বিহারে। আর মাইক্রোচালক ফয়সালের (৩২) বাড়ি ঢাকার ডেমরায়।

তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, ওই চার ভারতীয় নাগরিক শনিবার রাতে একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে যশোরের বেনাপোলের দিকে যাচ্ছিলেন।

“পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোটি সড়কে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই ইসলামের মৃত্যু হয়।”

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও অইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানান তিনি।