ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে পরিবহন শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহ শহরে সহকর্মীর ছুরিকাঘাতে আহত এক পরিবহন শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মাহামুদুল ইসলাম জানান, সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
নিহত শাহাব উদ্দিন (৩০) শহরের আগ্রাকান্দা এলাকার আব্দুল জলিলের ছেলে।
ওসি মাহামুদুল প্রাথমিক তদন্তের বরাতে বলেন, রোববার বিকালে মাসকান্দা বাসস্ট্যান্ডে ভাড়ার টাকা ভাগভাটোয়ারা নিয়ে জুয়েল নামে এক সহকর্মীর সঙ্গে শাহাব উদ্দিনের কথাকাটাকাটি হয়।
“এরই জেরে শাহাবকে ছুরিকাঘাত করেন জুয়েল। স্থানীয়রা গুরুতর আহত শাহাবকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় স্থানীয়রা জুয়েলের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বলে জানিয়েছেন ওসি মাহামুদুল।
